বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

ক্ষুধাসূচকে পাকিস্তানের নিচে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

ক্ষুধাসূচকে পাকিস্তানের নিচে ভারত
ক্ষুধাসূচকে আরো নিচে ভারত। ছবি: ডয়চে ভেলে

ক্ষুধাসূচকে পাকিস্তানের নিচে অবস্থান করছে ভারত। বিশ্ব ক্ষুধাসূচকে ভারতের স্থান ছিল ১০৭ নম্বরে। এ বছর তা আরও চার বেড়েছে। 

১২৫টি দেশের মধ্যে ভারতের স্থান এখন ১১১ নম্বরে। অপরদিকে পাকিস্তান আছে ১০২ নম্বরে। শিশুদের অপুষ্টির হারের দিক থেকেও ভারতের অবস্থা ভয়াবহ। দেশে শিশুদের অপুষ্টির হার ১৮ দশমিক সাত শতাংশ। গোটা বিশ্বে যা সর্বোচ্চ। 


বিজ্ঞাপন


ভারতের নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের বক্তব্য, যে পদ্ধতিতে এই সমীক্ষা হয়েছে তা ত্রুটিযুক্ত। ভারতের পরিস্থিতি এত খারাপ নয়। সমীক্ষাটি অভিসন্ধিমূলক বলেও দাবি করা হয়েছে।

সমীক্ষা অনুযায়ী ভারতের প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি ভারতের চেয়ে ভালো। বাংলাদেশ আছে ৮১ নম্বরে। নেপাল ও শ্রীলঙ্কা যথাক্রমে ৬৯ এবং ৬০ নম্বরে। রিপোর্টের দাবি, ভারতে ১৬ দশমিক ছয় শতাংশ মানুষের যথেষ্ট স্বাস্থ্যকর খাবার জোটে না। ১৫ থেকে ২৪ বছরের নারীদের মধ্যে ৫৮ দশমিক এক শতাংশ রক্তাল্পতায় ভোগেন। পাঁচ বছরের নীচে শিশু মৃত্যুর হার তিন দশমিক এক শতাংশ।

দেশটির কেন্দ্রীয় মন্ত্রণালয়ের বক্তব্য, মাত্র তিন হাজার স্যাম্পেল সাইজে এই সমীক্ষা করা হয়েছে। ফলে সমীক্ষাটি ত্রুটিপূর্ণ। গোটা দেশের পরিস্থিতি এখানে উঠে আসেনি। 

বস্তুত ভারত সরকারের দাবি, এ দেশে শিশু অপুষ্টির হার সাত দশমিক দুই শতাংশের নিচে। বহু দিন ধরেই এই পরিসংখ্যান আছে। ফলে নতুন রিপোর্টের বক্তব্য মেনে নেওয়া যায় না।


বিজ্ঞাপন


ভারতের কেন্দ্রীয় সরকারের এই বক্তব্যের সঙ্গে অবশ্য সহমত নয় কংগ্রেস এবং বিরোধী দলগুলো। কংগ্রেসের পক্ষ থেকে ইতোমধ্যেই বলা হয়েছে, সরকারের অপারগতা স্পষ্ট হয়েছে রিপোর্টে। ভারতের কেন্দ্রীয় সরকার এখন সত্য ধামা চাপা দিতে দায় এড়ানোর চেষ্টা করছে।

সূত্র : ডয়চে ভেলে

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর