বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বাংলাদেশের নির্বাচন নিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০২:০২ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের নির্বাচন নিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি- ফাইল ফটো/ইন্ডিয়া টিভি

বিশ্বের অন্যতম অর্থনৈতিক জোট জি-২০ এর সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। সেপ্টেম্বরে সংস্থাটির শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে দিল্লি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারত দুটি বার্তা দিতে চায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

পত্রিকাটি জানিয়েছে, ভারত বাংলাদেশকে স্পষ্ট দুটি বার্তা দিতে পারে। এর প্রথমটি হলো বাংলাদেশের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। এছাড়া আওয়ামী লীগ থেকে চীনপন্থী ও ইসলামপন্থী নেতাদের সরিয়ে অসাম্প্রদায়িক ও জনপ্রিয় প্রার্থীদের বেছে নেয়ার বার্তা দেবে ভারত।


বিজ্ঞাপন


ভারতের নিরাপত্তা সংস্থা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই জোড়া বার্তা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ঐক্যমতের ইঙ্গিত দেয়।

ওই সূত্রটি টেলিগ্রাফ ইন্ডিয়াকে বলেছে যে, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই দেশের (ভারত ও যুক্তরাষ্ট্র) নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক আলোচনা হয়েছে। ভারত এবং এই অঞ্চলের অন্যান্য দেশে এসব বৈঠক হয়েছে।’

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘অতীতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় মত পার্থক্য ছিল। তবে এবার দুই দেশের মধ্যে মতের ব্যাপক মিল দেখা যাচ্ছে। শেখ হাসিনা দিল্লিতে আসলে তাকে এই দুটি বার্তা দেওয়ার বিষয়েই সিদ্ধান্ত হয়েছে।’

যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তার পর্যবেক্ষণে বলেছেন যে, বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তারপরও ২০১৪ এবং ২০১৮ সালের শেষ দু’টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক মানদণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো সন্দেহ পোষণ করেছিল।


বিজ্ঞাপন


টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা সন্দেহ পোষণ করলেও ভারত কখনো এই বিষয়ে কথা বলেনি। বরং ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন জোট ৯৬ শতাংশের বেশি আসন পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

আরও পড়ুন: ‘শেখ হাসিনা হারলে বেকায়দায় পড়তে পারে ভারত’

টেলিগ্রাফ ইন্ডিয়ার দাবি, শেখ হাসিনার পক্ষে ফলাফল থাকলে বাংলাদেশের নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হলো এ নিয়ে ভারত চিন্তা করবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মিত্র মনে করে ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে পণ্য চলাচলের অনুমতি দেওয়া পর্যন্ত ভারতের অনেক ইচ্ছাই আওয়ামী লীগ সরকার পূরণ করেছে। তবে এরপরও চীনের সাথে হাসিনা সরকারের সম্পর্ক নিয়ে উদ্বেগ রয়েছে নয়াদিল্লির।

টেলিগ্রাফ ইন্ডিয়ার দাবি, এই কারণেই বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে একই অবস্থানে এসেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকগুলোতে কী কথা হয়েছে সেটিও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, দুই দেশই বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে চীনপন্থী এবং ইসলামপন্থীদের ব্যাপক উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ভারত ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে যে, বাংলাদেশের নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করতে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে হবে। শেখ হাসিনার সফরে ভারত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া দুর্নীতি ও মূল্যবৃদ্ধি সমস্যার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের স্পষ্ট অবস্থান দেখতে চায় দুই দেশ।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর