মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

গ্রিসে ডিটেনশন সেন্টার থেকে পালানো ৭ বাংলাদেশি ফের গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

গ্রিসে ডিটেনশন সেন্টার থেকে পালানো ৭ বাংলাদেশি ফের গ্রেফতার
গ্রিসের সিনতিকি আটক কেন্দ্র। ছবি: এএফপি

ইউরোপের দেশ গ্রিসের উত্তরাঞ্চলে আশ্রয়প্রার্থীদের জন্য নির্ধারিত একটি আটক কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ১০ জন বাংলাদেশি অভিবাসীর মধ্যে সাতজনকে ফের গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সোমবার (২ নভেম্বর) গ্রিক পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেলে গ্রিসের সেরেস অঞ্চলের ক্লেইদি গ্রামের কাছে সিনতিকি এলাকায় অবস্থিত আশ্রয়প্রার্থীদের অস্থায়ী আবাসনের জন্য নির্ধারিত ডিটেনশন সেন্টার থেকে পালানোর এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৩৭ বছরের মধ্যে।

পুলিশ বলছে, ওই ব্যক্তিরা নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। পরে অভিযানে সাতজনকে গ্রেফতার করা সম্ভব হয়। তবে বাকি তিনজন এখনো পলাতক রয়েছেন। রোববার পর্যন্ত ওই আটককেন্দ্রে মোট ১২৫ জন অভিবাসী অবস্থান করছিলেন।

সাম্প্রতিক মাসগুলোতে কেন্দ্রটিতে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তেজনা দেখা দিয়েছে। সর্বশেষ পালিয়ে যাওয়ার ঘটনাটি এসব সমস্যার ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে। এ পরিস্থিতিতে কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দাবি বারবার উঠেছে।

সেরেস পুলিশ কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়ানিস কুনিওস গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিকে জানিয়েছেন, কেন্দ্রটির বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হয়েছে। 

 কেন্দ্রটির অপর্যাপ্ত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং পুলিশ কর্মকর্তাদের জন্য অনিরাপদ কর্মপরিবেশের বিষয়গুলো তুলে ধরে কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তার মতে, সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা একটি পরিস্থিতির অংশ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সমস্যার যথাযথ সমাধান করতে পারেনি।

সূত্র: ইনফোমাইগ্রেন্ট 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর