যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এনভিডিয়া’ (NVIDIA) তাদের ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ ‘গ্র্যাজুয়েট ফেলোশিপ প্রোগ্রামের’-এর আবেদন আহ্বান করেছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, স্বয়ংক্রিয় যানবাহনসহ সংশ্লিষ্ট প্রযুক্তির গবেষণাকে উৎসাহিত করতে এ ফেলোশিপ দেওয়া হবে। নির্বাচিত পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় যা ৭০ লাখ টাকারও বেশি) অনুদান পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এতে আবেদনের সুযোগ পাবেন।
ফেলোশিপের আর্থিক সুযোগ-সুবিধা ও ইন্টার্নশিপ
এনভিডিয়া ফেলোশিপের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে সর্বোচ্চ ৬০ হাজার ডলারের আর্থিক সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই অর্থ ব্যবস্থাপনা ও পরিচালনা করা হবে, যা থেকে শিক্ষার্থীদের মাসিক ভাতা, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এবং বাধ্যতামূলক সব ফি পরিশোধ করা যাবে। ফেলোশিপের অংশ হিসেবে শিক্ষার্থীদের এনভিডিয়ার নির্ধারিত গবেষণা কার্যালয়ে সরেজমিনে উপস্থিত হয়ে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ (Summer Internship) করতে হবে, যা ফেলোশিপের শিক্ষাবর্ষ শুরুর আগেই সম্পন্ন করা বাধ্যতামূলক।
আবেদনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন
এই ফেলোশিপে আবেদনের জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিস্টেম আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের কোনো বিষয়ে পিএইচডি গবেষণারত হতে হবে। আবেদনের পূর্বে অবশ্যই পিএইচডির প্রথম বর্ষ সম্পন্ন করতে হবে এবং সক্রিয়ভাবে গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়া যাবে না
পুরো ৯ মাসের ফেলোশিপ চলাকালে শিক্ষার্থীকে অবশ্যই পূর্ণকালীন পিএইচডি ছাত্র হিসেবে নিবন্ধিত থাকতে হবে। এই সময়ের মধ্যে যাদের পিএইচডি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা আবেদন করতে পারবেন না। এছাড়া সরাসরি গবেষণাগারে ইন্টার্নশিপে অংশ নেওয়ার সক্ষমতা থাকতে হবে। তবে এনভিডিয়ার পূর্ণকালীন কর্মী বা তাদের নিকটাত্মীয়রা এতে আবেদনের সুযোগ পাবেন না।
প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীকে সর্বোচ্চ দুই পৃষ্ঠার একটি গবেষণার সারসংক্ষেপ বা অভিসন্দর্ভের প্রস্তাবনা (Research Proposal) জমা দিতে হবে। এছাড়া সিভির সঙ্গে অন্তত দুটি সুপারিশপত্র (Recommendation Letter) প্রদান করতে হবে, যার মধ্যে একটি অবশ্যই গবেষণা তত্ত্বাবধায়ক বা প্রধান অধ্যাপকের কাছ থেকে পাওয়া হতে হবে (সর্বোচ্চ তিনটি সুপারিশপত্র জমা দেওয়া যাবে)।
যেভাবে আবেদন করবেন এবং শেষ সময়
আগ্রহী প্রার্থীদের এনভিডিয়ার অফিসিয়াল পোর্টাল বা নির্দিষ্ট অনলাইন লিংকে গিয়ে প্রোফাইল তৈরি করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য, সিভির কপি এবং গবেষণার বিস্তারিত কাগজপত্র আপলোড করে আবেদন ফরম দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৭।
এজেড




