শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা মেডিকেলের রোগীদের পরীক্ষা-নিরীক্ষা মেডিকেলেই করানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

ঢাকা মেডিকেলের রোগীদের পরীক্ষা-নিরীক্ষা মেডিকেলেই করানোর নির্দেশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজনীয় ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ থেকেই করানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগটির ল্যাবরেটরি সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকার বিষয়টি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক দাফতরিক পত্রে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, ঢামেকের প্যাথলজি বিভাগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও একটি চক্র রোগীদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়। এমনকি দালালরা হাসপাতাল থেকেই রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এ ধরনের অনিয়ম বন্ধ ও হাসপাতালের নিজস্ব পরীক্ষার সুবিধা কাজে লাগাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

দাফতরিক পত্রে বলা হয়েছে, ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ থেকে বিভিন্ন পরীক্ষার তালিকা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী হাসপাতালে আগত রোগীদের সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষা ওই বিভাগ থেকেই সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাবরেটরি সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, বায়োকেমিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের তত্ত্বাবধানে সিসমেক্স (জাপান), অ্যাডেলিকা সিআই ১৯০০ (যুক্তরাষ্ট্র) ও কোবাস প্রো (জার্মানি)-এর মতো অত্যাধুনিক অটোমেটেড অ্যানালাইজারের মাধ্যমে পরীক্ষা করা হয়।

এদিকে বিভাগটিতে হেমাটোলজি, ক্লিনিক্যাল প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি ও সেরোলজি বিভাগে মোট ৫৯ ধরনের পরীক্ষা করা হয়। এর মধ্যে রয়েছে সিবিসি, ইএসআর, রক্তের গ্লুকোজ, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইলেক্ট্রোলাইট, লিভার ফাংশন টেস্ট (এলএফটি), লিপিড প্রোফাইল, থাইরয়েড পরীক্ষা, বিভিন্ন হরমোন, টিউমার মার্কার, ট্রপোনিন, এইচআইভি, হেপাটাইটিস, ডেঙ্গু ও সিআরপি পরীক্ষা।

এ নির্দেশনার ফলে রোগীরা হাসপাতালের ভেতরেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর সুযোগ পাবেন। পাশাপাশি হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার সক্ষমতা কাজে লাগানো এবং রোগীদের বাইরের প্রতিষ্ঠানে পাঠানোর প্রবণতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর