নতুন শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ১৭০টি আসন বাড়ছে। পাশাপাশি নতুন অনুমোদন পাওয়া তিনটি মেডিকেল কলেজেও চলতি বছর থেকেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
নতুন অনুমোদন পাওয়া তিনটি মেডিকেল কলেজ হলো নরসিংদী মেডিকেল কলেজ, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও রাজধানীর সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। এর মধ্যে নরসিংদী মেডিকেল কলেজে ৫০টি, ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ৫০টি এবং সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২০টি আসন বাড়ানো হয়েছে। এতে কলেজটির আসনসংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৪০টিতে।
গত ৫ নভেম্বর বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন কলেজটিতে ২০টি আসন বাড়ানোর প্রতিশ্রুতি দেন। সেই অনুযায়ী চলতি শিক্ষাবর্ষে আসনসংখ্যা বাড়ানো হয়েছে।
এদিকে চলতি বছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা বাড়ছে না। তবে কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা পুনঃস্থাপন করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন অনুমোদন পাওয়া তিনটি মেডিকেল কলেজসহ দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৪০টিতে। এসব কলেজে মোট আসনসংখ্যা হবে ৫ হাজার ২৫০টি। এবার সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় কোনো ধরনের কোটা থাকছে না। তবে সংবিধান অনুযায়ী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা বরাদ্দ থাকবে। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজে দরিদ্র ও মেধা কোটা বহাল থাকছে।
দেশে বর্তমানে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৬৮টি। এসব কলেজে মোট আসনসংখ্যা থাকছে ৬ হাজার ২১টি। তবে নানা অনিয়ম ও সংকটের কারণে গত বছরের মতো এবারও মুন্সিগঞ্জের বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত রাখবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এ ছাড়া সরকারি ঢাকা ডেন্টাল কলেজ ও সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোতে মোট আসন থাকবে ৫৪৫টি। গত বছরের মতো এবারও বিডিএস বা ডেন্টাল কোর্সে আসন বাড়ানো হচ্ছে না। পাশাপাশি বেসরকারি ডেন্টাল কলেজ ও বেসরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোতে আসন থাকবে ১ হাজার ৩৬০টি।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, আগামী ১৮ ডিসেম্বর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন ঢাকা মেইলকে বলেন, এমবিবিএস ও বিডিএসে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। কিছু কাজ বাকি রয়েছে। শিগগিরই সরকারি ও বেসরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুসারেই এগিয়ে যাচ্ছেন তাঁরা। সময়ের কাজ সময়ে সম্পন্ন করা হবে।
এ বিষয়ে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. আহমেদ এহসানুর রাহমান ঢাকা মেইলকে বলেন, শুধু মেডিকেল কলেজের সংখ্যা বাড়ালেই হবে না, পড়াশোনার মানও নিশ্চিত করতে হবে। মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস, শিক্ষার্থী অনুপাতে শিক্ষক এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে গুণগত মানসম্পন্ন চিকিৎসক তৈরি করা সম্ভব হবে।
তিনি বলেন, বিগত সময়ে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজগুলোরও গুণগত মান বাড়াতে হবে। কিছু মেডিকেল কলেজে শিক্ষক, হাসপাতাল ও ছাত্রাবাসসহ নানা সংকট রয়েছে। এসব সংকট সমাধানেও উদ্যোগ নিতে হবে।
এসএইচ/এআর




