সংক্রামক ব্যাধি হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে নয়জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৮ জন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ২৪৭ জন।
আরও পড়ুন
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রামের তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগের একজন রোগী রয়েছে।
একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। নতুন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত মোট ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।
এএইচ



