সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘ক্যানসার চিকিৎসায় ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন দিচ্ছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

‘ক্যানসার চিকিৎসায় ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন দিচ্ছে সরকার’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

দেশে ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়াতে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব মেশিন পরিচালনার জন্য ৩০৫ জন রেডিওথেরাপি টেকনিশিয়ান ও ১২৫ জন ফিজিসিস্টের পদ সৃষ্টির লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব ওটোলারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাক-কান-গলা ইনস্টিটিউটের চিকিৎসকদের দক্ষতা ও সেবার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আমি কিছুদিন আগে নাক-কান-গলা ইনস্টিটিউটে গিয়েছিলাম। আমি দেখেছি, আমাদের ডাক্তারদের কী দক্ষতা সেখানে। কত কঠিন কঠিন চিকিৎসা করেন, অপারেশন করেন এবং না শোনা মানুষকে শোনান। বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ওদের সাফল্যটা আমি দেখে এসেছি। উনাদের পরিচ্ছন্নতা দেখেছি, ম্যানেজমেন্ট দেখেছি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি।’

ইনস্টিটিউটের সেবার পরিধি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘আমি উনাকে বলেছিলাম যে আপনি আসেন, একটা অল্টারনেটিভ জায়গার ব্যবস্থা করেন। এখানে আরেকটা ইউনিট টু করতে হবে। কারণ সারা বাংলাদেশের মানুষের জন্য একটা আধুনিক হাসপাতালে রোগীর সেবা দেওয়া সম্ভব না। আমি আজকে আবার অনুরোধ করতেছি, তাড়াতাড়ি আসেন। আমরা নাক-কান-গলার একটা ইউনিট ‘টু’ করার জন্য আরেকটা ডিপিপি করব। একই সঙ্গে পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থাও করা হবে।’

চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমাদের ৫ হাজার ডাক্তারের অ্যাডভারটাইজমেন্ট ২৫ তারিখে শেষ হয়েছে। রিক্রুটমেন্ট শুরু হবে। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মিটিংয়ে থেকে আলাপ করেছেন এবং যথাযথ ব্যবস্থা তড়িৎ গতিতে গ্রহণ করার জন্য বলেছেন। আড়াই হাজার নার্স নিয়োগ করতে যাচ্ছি। অলরেডি স্পেশাল এসবি ভেরিফিকেশন হচ্ছে। সেটা আমরা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করতে যাচ্ছি।’

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী ১০ দিনের ভিতরে আপনারা ১৬ হাজার কোটি টাকার একটা টেন্ডার দেখবেন সকল উপজেলা হাসপাতাল, ইউনিয়ন হাসপাতাল এবং ওয়ার্ডের হেলথ ওয়েলফেয়ার সেন্টার সম্বন্ধে। আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘আটটা ডিভিশনে আমাদের ক্যান্সার ইনস্টিটিউটগুলোর কাজ প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে। আমরা সেগুলোতেও এই রেডিওথেরাপি মেশিন ব্যবস্থা করব। আগামী ছয় মাসের মধ্যে আমরা কিডনি ডায়ালাইসিস ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে যাচ্ছি। সেটারও টেন্ডার হয়ে গেছে। আপনারা জানেন, প্রায় ১১শ ডায়ালাইসিস মেশিনের টেন্ডার আহ্বান করেছি।’

নাক-কান-গলা ইনস্টিটিউটের চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি আবারও আমার অন্তরের অন্তস্থল থেকে সেই হাসপাতালে চিকিৎসা যারা করেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আধুনিক চিকিৎসার জন্য আরও সামনের দিকে যত রকম সুবিধা সৃষ্টি করা যায়, ইনশাল্লাহ তা করব। এই সরকার স্বাস্থ্যখাতের সকল বরাদ্দ প্রদানের জন্য বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতের জন্য উদার হস্তে টাকা বরাদ্দ করে যাচ্ছেন। আরও লাগলে আরও দিবেন। তবু স্বাস্থ্যসেবা মানুষের ঘরেঘরে পৌঁছে দিতে হবে। সকল জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

এসএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর