রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি।
একইসঙ্গে তার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনটির মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিল।
চিঠিতে উল্লেখ করা হয়, বুধবার সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনায় ডা. জাহিদ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে যথাযথ জবাব দেওয়ার জন্য ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি তার অফিস কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠকে ছিলেন। এসময় হঠাৎ ৮-৯ জন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন এবং তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন।
ওই ঘটনার ছবি এবং ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা বেশ বিতর্কের জন্ম দিয়েছে।
এসএইচ/এএইচ




