হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে দুজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪১২ জন।
এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪২ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১৩৭ জন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ঢাকা বিভাগের একজন ও সিলেট বিভাগের একজন রোগী রয়েছে।
একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৯০ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ৩২২ জনের শরীরে।
প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩১ জন। অন্যদিকে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনের শরীরে।
অন্যদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) হাম ও এর উপসর্গে সারাদেশে সাতজন শিশুর মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৯৫ জন।
এএইচ




