চীনের ইউনান প্রদেশের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৩ দিনে সফলভাবে ১০০ জন রোগীর ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এসব অস্ত্রোপচার পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশে ‘ইউনান হ্যান্ড ইন হ্যান্ড’ কর্মসূচির ‘ব্রাইটনেস অ্যাকশন’ কার্যক্রমের উদ্বোধন ও ‘উজ্জ্বল চোখ’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন, হাসপাতাল নির্মাণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও চিকিৎসকদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে চীন দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সহযোগিতা করে আসছে।
তিনি জানান, চীন সরকারের সহায়তায় নীলফামারীতে একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রমও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ ধরনের বিশ্বস্ত আন্তর্জাতিক সহযোগিতা বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আরও সহজ ও গতিশীল হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. লিউ ইউইন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী অস্ত্রোপচার করা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এসএইচ/এএম




