দেশের চিকিৎসকদের মেধা, দক্ষতা, দেশপ্রেম ও মানবসেবায় আত্মনিবেদন জাতির জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘সংকটময় পরিস্থিতিতেও চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেন, যা দেশের জন্য এক বড় অর্জন।’
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সপ্তম বার্ষিক সম্মেলন ‘হেমোটোকন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার কথা মানুষ হয়তো শুনবে না, কিন্তু একজন চিকিৎসক যখন কোনো কথা বলেন, মানুষ তা শোনে। চিকিৎসকদের মেধা ও যোগ্যতাকে সবাই সম্মান করে।’
তিনি বলেন, দেশের চিকিৎসকরা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে দেশের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। চিকিৎসকরা মানুষের সেবায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন এবং এর বিনিময়ে কোনো প্রতিদান প্রত্যাশা করেন না। তিনি দেশের চিকিৎসকদের নিয়ে গর্ববোধ করেন এবং বিদেশেও তাঁদের দক্ষতা ও অবদানের কথা তুলে ধরেন।
থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রক্তরোগের চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের হেমাটোলজি খাতকে আরও শক্তিশালী করতে এবং বিভিন্ন অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে দেশের বিভিন্ন স্থানে হেমাটোলজিস্টদের পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে দেশজুড়ে রেডিওথেরাপি মেশিন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ দেশের বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এসএইচ/এএইচ



