হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও দুজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪২১ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ৬০ জন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনার।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে নিশ্চিত হাম রোগী ১৫২ জন এবং হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ২৬৯ জনের শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারাদেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৫৭৩ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের শরীরে।
এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৭৫ জন।
এএইচ



