সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১৮-৩৯ বছর বয়সীদের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত ১২%

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

১৮-৩৯ বছর বয়সীদের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত ১২%
‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারের প্রচারপত্র

দেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে প্রায় ১২ শতাংশই উচ্চ রক্তচাপে আক্রান্ত। অথচ উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটের বরাদ্দ প্রয়োজনের তুলনায় নগণ্য। এ অবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, বিশেষ করে প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে স্বাস্থ্য বাজেটের বর্ধিত বরাদ্দের উল্লেখযোগ্য অংশ ব্যয়ের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে তারা এ আহ্বান জানান। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ওয়েবিনারের আয়োজন করেছে।

বিশ্বে প্রতিবছর হৃদরোগে প্রায় ৬৫ লাখ মানুষের অকালমৃত্যু হয়, যার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। বাংলাদেশেও হৃদরোগজনিত মৃত্যু বাড়ছে। দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ হৃদরোগের কারণে ঘটে। ২০২৪ সালে হৃদরোগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এর ৫২ শতাংশের জন্য উচ্চ রক্তচাপ দায়ী বলে জানানো হয় ওয়েবিনারে।

তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’ এর তথ্য তুলে ধরে তারা জানান, দেশের ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ৫.৩ শতাংশ থেকে ৭.৪ শতাংশে উন্নীত করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। বর্ধিত এই বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের ওষুধে ব্যয় করা হলে তা দেশে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান বলেন, উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনাচরণ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে হবে।

Webinar

তরুণদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান। তিনি বলেন, তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি বিষয়ে সচেতনতা তৈরির জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগে, কিন্তু এ খাতে বরাদ্দ স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ। উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়াতে হবে।

ওয়েবিনারে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এবং ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজনও আলোচনায় অংশ নেন। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট: ডোন্ট মিস এ বিট’।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর