সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডা. শায়লার পদ স্থগিত চায় এনডিএফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

ডা. শায়লার পদ স্থগিত চায় এনডিএফ
ডা. মুহাম্মদ হাবিবুর রহমান ও ডা. শাহরিয়া শায়লা জাহান

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের উপ-পরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমান পদে বহাল এবং দুর্নীতির অভিযোগে ডা. শাহরিয়া শায়লা জাহানের পদ স্থগিত চেয়েছে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

রোববার (৬ সেপ্টেম্বর) এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

ন্যাশনাল ডক্টরস ফোরামের দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ডা. হাবিবুর রহমানকে মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এর সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। 

অন্যদিকে, তার স্থলাভিষিক্ত কর্মকর্তার বিরুদ্ধে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনকালে সাড়ে ছয় কোটি টাকার দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের পর জনআন্দোলনের পরিপ্রেক্ষিতে তাকে গত বছরের ১৬ নভেম্বর ওএসডি করা হয়েছিল।

এনটিএফ নেতারা বলেন, এসব অভিযোগের তদন্তের ফলাফল প্রকাশ না করেই রাজধানীর একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের প্রশাসনিক পদে ওই কর্মকর্তাকে পদায়ন করায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে ডা. হাবিবুর রহমানকে ওএসডি করার কারণও স্পষ্ট করা জরুরি।

বিবৃতিতে দুই দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রত্যাহার করে ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে স্বপদে বহাল করা এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার গুরুত্বপূর্ণ পদায়ন স্থগিত রাখা।

নেতৃবৃন্দ বলেন, মিটফোর্ড হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসনিক নেতৃত্বে স্বচ্ছতা, যোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য। দাবি বাস্তবায়ন না হলে চিকিৎসক সমাজের সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে কর্মসূচি ঘোষণা করা হবে।

এসএইচ/এমএমআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর