দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডার চার চিকিৎসককে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. খন্দকার মমিনুল ইসলামকে রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাখালী কার্যালয়ে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) পদে বদলি করা হয়েছে।
তিনি বর্তমানে ওএসডি হিসেবে থাকবেন। একই সঙ্গে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। এর আগে তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশাধীন ছিলেন।
এ ছাড়া ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. নবীন চন্দ্র সাহাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একই পদে পদায়ন করা হয়েছে।
নেত্রকোণা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. মো. অলিউল্লাহকে স্বাস্থ্য অধিদফতরের মহাখালী কার্যালয়ে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য অধিদফতরের মহাখালী কার্যালয়ে ওএসডি থাকা জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. কে. এম. মঈনুদ্দিনকে একই পদে ওএসডি রাখা হয়েছে। তাকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশাধীন ছিলেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এ ছাড়া অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এসএইচ/এমআই




