রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

আদ-দ্বীনের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান গণস্বাস্থ্য কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

আদ-দ্বীনের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান গণস্বাস্থ্য কেন্দ্রের
আদ-দ্বীন হাসপাতাল, ইনসেটে গণস্বাস্থ্য কেন্দ্রের লোগো

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ায় সাশ্রয়ী মূল্যে স্বল্প আয়ের মানুষেরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ঘটনায় হাসপাতালটির প্রতি সংহতি প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র। রোগীবান্ধব হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম অতিদ্রুত শুরু করার আহ্বানও জানিয়েছে তারা। 

গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন শিরীন পারভিন হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সংহতি প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘আদ-দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত এবং এই হাসপাতালের মাধ্যমে লাখ লাখ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ দীর্ঘদিন যাবত স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছে। সম্প্রতি ওই হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারস্থ আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই আমরা মনে করি।’

আরও উল্লেখ করা হয়, ‘দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান আদ-দ্বীন হাসপাতালের কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি। আমরা আশা করি, সংশ্লিষ্ট সকল মহল তাদের প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতা দিয়ে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবেন। সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগীবান্ধব হাসপাতাল হিসেবে আদ-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আইনসিদ্ধভাবে অতিদ্রুত শুরু হোক এবং গরীব মানুষের চিকিৎসা সেবার ধারাবাহিকতা রক্ষা হোক, এই কামনা করছি। মানবসেবায় আপনাদের অঙ্গীকার অটুট থাকুক।

গত ২৭ মে আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে একসঙ্গে ছয়টি নবজাতকের মৃত্যু। এ ঘটনায় নানা মহলে ব্যাপক সমালোচনা শুরু হলে তদন্ত সাপেক্ষে গত ১১ জুন হাসপাতালটির নিবন্ধন বাতিল করে সরকার। 

তবে পরদিন (১২ জুন) হাসপাতালটির পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল গণমাধ্যমকে জানান, নিবন্ধন বাতিল হলেও রোগীদের ছেড়ে দেওয়া হয়নি, চিকিৎসাসেবা চলছে। নিবন্ধন ফিরে পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদনও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর