স্বাস্থ্যমন্ত্রীর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘোরার বিষয়ে মুখ খুললেন আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তারা মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরেননি বলে দাবি করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মহিউদ্দিন বলেছেন, ‘আমি টাকা নিয়ে ঘুরিনি। আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরবো। যদি মন্ত্রী এ বিষয়ে কিছু বলে থাকেন, তাকেই সেটি প্রমাণ দিতে হবে।’
বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) বিকালে আদ-দ্বীন হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হাসপাতালটির পরিচালক।
আদ-দ্বীনের নিবন্ধন বাতিলের বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) আপিল করা হবে বলেও জানান ডা. শেখ মহিউদ্দিন।
এর আগে গত শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদীতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ‘আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে আমার টাকার প্রতি কোনো লোভ হয় নাই।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
এর আগে গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
এছাড়া আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ জন্য তাকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে এই নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে দেয় স্বাস্থ্য অধিদফতর।
এসএইচ/এএইচ




