সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

সারাদেশে ১ হাজার শয্যার ২০টি হাসপাতাল তৈরি পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:৩৩ এএম

শেয়ার করুন:

সাখাওয়াত হোসেন বকুল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

সারাদেশে ১ হাজার শয্যার আরও ২০টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


বিজ্ঞাপন


সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশে শুধু মেয়েদের জন্য দুটি স্পেশালাইজড (বিশেষায়িত) হাসপাতাল হবে। একেকটি হাসপাতাল হবে এক হাজার ৫০০ শয্যার। হাসপাতাল দুটিতে চারটি কিডনি অ্যানালাইসিস, ডায়ালাইসিস সেন্টার থাকবে। মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা, প্রসূতির ডেলিভারি ও জেনারেল হাসপাতাল থাকবে। সারাদেশে এক হাজার শয্যার ২০টি হাসপাতাল হবে। পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে। চারটি হেলিকপ্টার থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় একটি বৈপ্লবিক পরিবর্তনের চিন্তাভাবনা করছেন। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজার হবে নারী। আমাদের ১০টি জেলায় আইসিইউ সেবা চালু করেছি। একটু শ্বাসকষ্ট হলেই রেফার করবেন না।

বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের আরও কাছে পৌঁছে দিতে এ খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবার উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি উদ্বোধন করা হয় মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতালের আইসিইউ।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর