হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের স্টেন্ট (হার্টের রিং) নতুন দামে বিক্রির নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী দেশের সব হাসপাতালকে স্টেন্ট বিক্রি করতে বলা হয়েছে।
নতুন তালিকায় ২৯ ধরনের স্টেন্টের দাম এক হাজার থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) ডিজিডিএর মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে হৃদরোগের চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালগুলোর কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের গঠিত বিশেষজ্ঞ কমিটির পঞ্চম ও ষষ্ঠ সভার সুপারিশের ভিত্তিতে স্টেন্টের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। পরে গত ১৩ মে অনুষ্ঠিত সভায় কয়েকটি প্রতিষ্ঠানের মূল্য পুনর্বিবেচনার আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়।
ডিজিডিএ হাসপাতালগুলোকে স্টেন্টের হালনাগাদ মূল্যতালিকা জনসাধারণের দেখার জন্য নোটিশ বোর্ড বা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য অনুসরণ করে স্টেন্ট ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে বলা হয়েছে।
এ ছাড়া কোনো হাসপাতাল বা প্রতিষ্ঠান চিকিৎসা প্যাকেজের সঙ্গে স্টেন্টের মূল্য অন্তর্ভুক্ত করতে পারবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
রোগীদের স্বার্থ সুরক্ষায় স্টেন্টের নাম, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করে পৃথক ক্যাশমেমো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবহারের পর সংশ্লিষ্ট স্টেন্টের প্যাকেট রোগীকে বুঝিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।
নতুন মূল্য কার্যকর হলে হৃদরোগীদের চিকিৎসা ব্যয় কিছুটা কমবে এবং স্টেন্ট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমএইচ/জেবি




