মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

মাসুদ কামালের বক্তব্যের নিন্দা, ক্ষমা চাওয়ার আহ্বান এনএইচএর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

মাসুদ কামালের বক্তব্যের নিন্দা, ক্ষমা চাওয়ার আহ্বান এনএইচএর

দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে সম্প্রতি চিকিৎসক সমাজকে উদ্দেশ করে সাংবাদিক মাসুদ কামালের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসক সংগঠনটি বলেছে, চিকিৎসকদের সম্পর্কে অবমাননাকর ও অশালীন মন্তব্য দেশের সমগ্র স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং চিকিৎসা পেশার মর্যাদার ওপর আঘাত হেনেছে।

মঙ্গলবার (৯ জুন) এনএইচএর দফতর সম্পাদক ডা. মো. আব্দুস সালামের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি টকশোতে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক মাসুদ কামাল চিকিৎসকদের সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্য করেছেন। সংগঠনটির মতে, এ ধরনের ভাষা শুধু চিকিৎসক সমাজকে নয়, বরং দেশের স্বাস্থ্যব্যবস্থা ও এর সঙ্গে সম্পৃক্ত লাখো পেশাজীবীর অবদানকে অপমান করেছে।

এনএইচএ বলেছে, কোনো পেশার কার্যক্রম বা ত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা করা যেতে পারে। তবে সেই সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও শালীন। একটি পুরো পেশাজীবী সম্প্রদায়কে অবমাননাকর অভিধায় আখ্যায়িত করা মতপ্রকাশের স্বাধীনতার অংশ হতে পারে না; বরং তা সমাজে ঘৃণা, বিদ্বেষ ও বিভাজন উসকে দিতে পারে।

সংগঠনটির নেতারা বলেন, দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে চিকিৎসকরা নিজেদের জীবন ও পেশাগত ঝুঁকির কথা উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংকটে চিকিৎসকদের আত্মত্যাগ জাতি প্রত্যক্ষ করেছে। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালের ইউনিটে চিকিৎসকদের উদ্যোগে পরিচালিত দরিদ্র রোগীদের সহায়তার তহবিলের মাধ্যমে অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সহায়তা পেয়ে থাকেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশ থেকে এমন মন্তব্য করা হয়ে থাকতে পারে। তবে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য চিকিৎসক ও সাংবাদিকদের দীর্ঘদিনের সুসম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করতে পারে। এতে চিকিৎসা প্রদানের পরিবেশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এবং চিকিৎসক-রোগী সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


বিজ্ঞাপন


এনএইচএ দাবি করেছে, দেশের স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে ঢালাও নেতিবাচক ধারণা তৈরি হলে তা বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

সংগঠনটি অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার, চিকিৎসক সমাজের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। অন্যথায় চিকিৎসকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় দেশের চিকিৎসা পেশাজীবীদের সঙ্গে নিয়ে কঠোর ও নিয়মতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে এনএইচএ। 

এমএইচ/ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর