সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

জাতীয় জাদুঘরের সামনে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান, কর্মবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

জাতীয় জাদুঘরের সামনে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান, কর্মবিরতির ঘোষণা

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত নতুন নীতিমালাসহ চিকিৎসকদের ওপর আরোপিত সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ৬ দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস, ওয়ার্ড, পরীক্ষা ও ডিউটি স্থগিত রেখে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


বিজ্ঞাপন


সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীরা।

আন্দোলনরত চিকিৎসকরা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি হওয়া সত্ত্বেও চিকিৎসক সমাজ দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও নিরাপত্তাহীনতার শিকার। চিকিৎসকদের মেধা, শ্রম ও আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন না করে ধারাবাহিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেইনি চিকিৎসক ইমতিয়াজ আহমেদ তাজ বলেন, ‘আমরা আমাদের জুনিয়রদের জন্য আসছি। আমরা যেসব সমস্যার মুখোমুখি হয়েছি, তারা যেন সেসব সমস্যার মুখোমুখি না হয় তাই আমাদের চাওয়া।’

আন্দোলনকারীদের দাবিগুলো হলো- ১. এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে গৃহীত সিদ্ধান্তসমূহ, স্মারক নং (৭৯.০০.০০০০.১৮০.১৬.১০.২৫.৭০৬) টি ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে।


বিজ্ঞাপন


২. বিসিএস স্বাস্থ্য চাকরি প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৩. স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।

medical-2৪. সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার, বেসরকারি ট্রেনিং চিকিৎসকদের বেতন ৫০ হাজারে উন্নীত করতে হবে এবং বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট বেতনকাঠামো প্রণয়ন করতে হবে (বেসরকারি গেজেটের অনুরাগ করিতে হবে)।

৫. বিএমডিসি ২০২৩ অধ্যাদেশের খসড়া আইনি প্রয়োগ করে এই আইন অনুযায়ী বিএমডিসি বহির্ভূত সকল অবৈধ ডাক্তার পরিচয় দানকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষায় ভর্তি ফি ১০০০ টাকার বেশি করা যাবে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা কর্মবিরতি অব্যাহত রাখবেন। তাদের দাবি, এসব বিষয় শুধু চিকিৎসকদের স্বার্থসংশ্লিষ্ট নয়, বরং দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

এর আগে ছয় দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরের (বিটু) সঙ্গে বৈঠক ও স্মারকলিপি দেন ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এমএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর