বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

এফসিপিএস কোর্সের নতুন নীতিমালা সংশোধনের আহ্বান এনডিএফের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

এফসিপিএস কোর্সের নতুন নীতিমালা সংশোধনের আহ্বান এনডিএফের

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস কোর্সের নতুন প্রশিক্ষণ নীতিমালা সংশোধন করে চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণের আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

বুধবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


এনডিএফের অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঘোষিত নতুন প্রশিক্ষণ নীতিমালা নিয়ে চিকিৎসক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এনডিএফের মতে, বর্তমান বাস্তবতায় নীতিমালার কিছু শর্ত নবীন প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আর্থিক নিরাপত্তা, পারিবারিক জীবন এবং উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের আগ্রহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংগঠনটির নেতারা বলেন, উচ্চতর কোর্সে অধ্যয়নরত বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের জন্য পর্যাপ্ত ভাতা প্রাপ্তির অনিশ্চয়তা, উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো ও রিসোর্স ছাড়াই দীর্ঘমেয়াদি স্থানান্তরভিত্তিক প্রশিক্ষণের নির্দেশনা এবং নারী প্রশিক্ষণার্থীর জন্য বিদ্যমান পারিবারিক ও সামাজিক চ্যালেঞ্জ চিকিৎসকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

তাদের মতে, বাস্তবতাবিবর্জিত এ ধরনের নীতিমালা উচ্চতর প্রশিক্ষণে চিকিৎসকদের আগ্রহ কমিয়ে দিতে পারে। একই সঙ্গে বিদেশমুখী প্রবণতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের জন্য সম্মানজনক ভাতা, আর্থিক নিরাপত্তা, যৌক্তিক কর্মঘণ্টা, নিরাপদ আবাসন এবং নারী প্রশিক্ষণার্থীর জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করার দাবি জানায় এনডিএফ। পাশাপাশি নীতিমালা বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনারও আহ্বান জানায় তারা।


বিজ্ঞাপন


নেতৃবৃন্দ আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের জন্য উচ্চতর প্রশিক্ষণ যেমন জরুরি, তেমনি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর