তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রোগীদের খাবার পরিবেশন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে এ জরিমানা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিন সদস্যের ম্যাজিস্ট্রেট দল।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালের ক্যান্টিনে তেলাপোকা পাওয়া যায়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণের মিটার না থাকায় এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, দুই আইনে আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, হাসপাতালটিতে তাপমাত্রা নিয়ন্ত্রণের কোনো মিটার ছিল না। ফ্রিজে সংরক্ষিত খাবারের কোনো লেবেলও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (২৭ মে) সকালে হাসপাতালটির ডেলিভারি ইউনিটের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়। এ ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে আসছে।
এসএইচ/এআর




