রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে রুটির কারখানা খুঁজে পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতালে পরিদর্শনে এসে কারখানাটির সন্ধান পান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি শুনতে পেয়েছি, হাসপাতালে একটি রুটির কারখানা আছে। ইলেকট্রনিক ওভেন দিয়ে দুইটাতে (হাসপাতাল ১ ও ২) বেকারি চলে। এই জায়গাটা আমার দেখা দরকার ছিল। আপনারাও (সাংবাদিক) বলতে পারতেন, আপনি তো আসলেন না, এ থেকে আমি মুক্তি নিলাম।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি। দুইজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। আর এটি গার্বেজ পরিস্থিতি। যেখানে হাজার হাজার রোগী আর শিক্ষার্থী থাকে, এটি উচিত হয়নি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পরিদর্শনের অভাব বা যেকোনো কারণে এই অনিয়ম চলছে, এটা তাদের উচিত হয়নি। এগুলো আমরা মনিটর করবো। শেষ পর্যন্ত আমরা দোষীদের শাস্তি নিশ্চিত করবো। আমার ধারণা রুটির কারখানা থেকে এমনটা হতে পারে। সেখান থেকে কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কি না, যেহেতু রুমের মধ্যে গন্ধ পাচ্ছি। তদন্ত রিপোর্টে সবকিছু উঠে আসবে।’
শিশুদের ময়নাতদন্ত না হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘শিশুদের ময়নাতদন্ত করার চেষ্টা করা হয়েছে তথ্য প্রমাণের জন্য। তবে কোনো বাবা-মা-ই রাজি হয়নি। পরিবেশগত দিক; সব তদন্ত করে ব্যবস্থা নেব। কী কারণে মারা গেছে শিশুরা, এটা তদন্ত কমিটি ভালোই বুঝবে।’
এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, তদন্ত করার জন্য ইঞ্জিনিয়ারদের সহযোগিতা নেওয়া হয়েছে। আশা করি, সেবা এবং কারিগরি সবদিকই রিপোর্টে চলে আসবে।
বিজ্ঞাপন
এসময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (২৭ মে) সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়। পরে এ ঘটনার তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
এসএইচ/এএইচ




