শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

হামের চিকিৎসায় দায়িত্বরতদের ঈদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

Dr
ফাইল ছবি

দেশব্যাপী ভয়ংকর হয়ে ওঠা হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। 

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, হাম রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত কোনো ডাক্তার ও নার্সের ঈদের ছুটি হবে না। হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। তাই সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের দায়িত্বে থাকতে হবে। সেইসঙ্গে হাম চিকিৎসায় সবার সহযোগিতা প্রয়োজন। অনেক শিশুর মৃত্যু হয়েছে হাম ও এর উপসর্গে। আর কোনো শিশুর মৃত্যু না হোক।’

তিনি আরও বলেন, টিকা নিলেই শতভাগ সুরক্ষা নিশ্চিত হয় না। কিছু ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়, বিশেষ করে ভাইরাস ছড়িয়ে পড়লে।

f2


বিজ্ঞাপন


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আক্রান্ত শিশুদের বড় জমায়েত বা আত্মীয়স্বজনের বাড়িতে না নেওয়ার অনুরোধ করা হয়েছে। কারণ ঘন সংস্পর্শে রোগ ছড়ানোর ঝুঁকি বেশি। ঈদে জনসমাগম ও যাতায়াতের কারণে সংক্রমণ বাড়ার সম্ভাবনাও থাকতে পারে।’

এদিকে শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। 

অর্থাৎ, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৩২ জন হাম রোগী শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। এসময় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ জন শিশু।

এসএইচ/এএইচ  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর