সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

আবাসন সংকট: সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

আবাসন সংকট: সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
আবাসন সংকট নিরসনের দাবিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

আবাসন সংকট নিরসনের দাবিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন তারা।

সোমবার (৪ মে) সকালে হাসপাতালের সামনে মানববন্ধন করেন তারা। প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি পাঠ করেন ইন্টার্ন চিকিৎসকরা।


বিজ্ঞাপন


চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয়, অত্যন্ত হতাশার সঙ্গে বলতে হচ্ছে, আমাদের ইন্টার্ন হোস্টেল বর্তমানে সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে ইন্টার্ন চিকিৎসকদের জন্য কোনো আবাসন ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা কার্যত বাসস্থানহীন অবস্থায় পড়েছি।

এতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই আমরা আবাসন সংকট, নিরাপত্তাহীনতা, অপ্রতুল সুযোগ-সুবিধা এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ইন্টার্নশিপ সম্পন্ন করে আসছি। এই অবস্থায় আমাদের পেশাগত দায়িত্ব মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত বিশ্রাম ও নিরাপদ আবাসনের অভাবে আমরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছি, যা সরাসরি রোগীসেবার মানকে প্রভাবিত করছে। একজন ক্লান্ত ও উদ্বিগ্ন ইন্টার্ন চিকিৎসকের পক্ষে সঠিক ও মনোযোগী চিকিৎসা প্রদান করা কতটা কঠিন, তা অনুধাবন করা কঠিন। ফলে এই সংকট কেবল আমাদের ব্যক্তিগত সমস্যায় সীমাবদ্ধ নয়; এটি হাসপাতালের সামগ্রিক সেবার মান ও রোগীর নিরাপত্তার সঙ্গেও জড়িত।

গতকাল ৩ মে নতুন বর্ষের শিক্ষার্থীরা যোগদান করেছে জানিয়ে চিঠিতে বলা হয়, তাদের জন্যও কোনো আবাসন ব্যবস্থা নেই, যা পরিস্থিতিকে আরও অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে এবং একটি বৃহত্তর প্রশাসনিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।

ইন্টার্ন হোস্টেল একটি অত্যাবশ্যকীয় চিকিৎসা-সংক্রান্ত অবকাঠামো। একজন চিকিৎসকের জন্য নিরাপদ আবাসন কোনো বিলাসিতা নয়; এটি দায়িত্ব পালনের অপরিহার্য পূর্বশর্ত। এই ন্যূনতম প্রয়োজন থেকেও বঞ্চিত হওয়া আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক—বলা হয় চিঠিতে।


বিজ্ঞাপন


চিঠিতে ইন্টার্ন হোস্টেল থেকে সামরিক ক্যাম্পটি জরুরি ভিত্তিতে অন্যত্র স্থানান্তর এবং দ্রুত সময়ের মধ্যে নিরাপদ ও মানসম্মত আবাসনের ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ একান্তভাবে কামনা করেন ইন্টার্ন চিকিৎসকরা।

এর আগে মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, ইন্টার্নসহ সব শিক্ষার্থীর জন্য তীব্র আবাসন সংকট সৃষ্টি হয়েছে, যা আমাদের স্বাভাবিক ও নিরাপদ বসবাসকে ব্যাহত করছে। বিশেষ করে নারী ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।

প্রসঙ্গত, হোস্টেল হস্তান্তরের দাবিতে রোববার (৩ মে) দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

এ সংক্রান্ত বিষয় তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ২০২৪ সালের আগস্ট-পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে সামরিক বাহিনী প্রায় দুই বছর ধরে অবস্থান করছে। তাদের অবস্থানের ফলে বর্তমানে ইন্টার্নসহ সব শিক্ষার্থীর জন্য তীব্র আবাসন সংকট সৃষ্টি হয়েছে, যা আমাদের স্বাভাবিক ও নিরাপদ বসবাসকে ব্যাহত করছে। দুঃখজনকভাবে, একাধিকবার হাসপাতাল প্রশাসন ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরও অদ্যাবধি কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এতে আরও বলা হয়, ইন্টার্ন হোস্টেল থেকে সামরিক বাহিনীর দ্রুত প্রস্থান এবং আবাসন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। দাবি পূরণের পক্ষে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমতাবস্থায় সব ইন্টার্নের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ইন্টার্ন হোস্টেল-সংক্রান্ত আবাসন সংকট সমাধানের নিমিত্তে সামরিক বাহিনী অপসারণ এবং ইন্টার্ন হোস্টেল হস্তান্তর না করা পর্যন্ত সোহরাওয়ার্দী মেডিকেলের সব ইন্টার্ন চিকিৎসক ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করবেন।

এসএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর