বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (৩ মে) সকালে শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এই কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
বিজ্ঞাপন
উপাচার্য তার বক্তব্যে এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে উল্লেখ করেন। একই সাথে ক্লাস নেওয়ার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ও বিশেষ প্রস্তুতি নেওয়ার জন্যও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় আউটকাম বেইজড এডুকেশন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। ইফেকটিভ টিচিং অব লারনিং বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন অধ্যাপক ডা. তাহমিনা বেগম। গ্রুফ ওয়ার্ক বিষয়ে আলোকপাত করেন ডা. মো. রাসেল আহমেদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নূরুন নাহার খানম। সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী ও ডা. আবু ছালেহ মো. আবু ওবায়দা।
এসএইচ/এএস




