রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

জন্মগত ত্রুটি অভিশাপ নয়, চিকিৎসায় সুস্থ জীবনে ফেরা সম্ভব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

C
ফাইল ছবি

দেশে বাড়ছে পরিবেশ দূষণ আর নানা স্বাস্থ্যগত সমস্যা। যার ফলে প্রতিদিনই জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে অনেক শিশু। জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো শিশুকে নিয়ে বিপাকে ও নানা সমস্যায় পড়তে হয় অভিভাবকদের। তবে ভোগান্তি লাঘবে আশা আলো দেখিয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে জন্মগত ত্রুটি এখন আর অভিশাপ নয়। সঠিক সময়ে এবং যথাযথ পদ্ধতি অনুসরণে চিকিৎসা প্রদান করা গেলে জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো প্রায় ৮০ শতাংশ শিশুকেই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কেবল সচেতনতা এবং সময়োপযোগী পদক্ষেপই একটি শিশুকে সমাজের বোঝা হওয়ার হাত থেকে রক্ষা করে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।


বিজ্ঞাপন


রোববার (১৯ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শহীদ ডা. মিলন হলে বিশ্ব জন্মগত ত্রুটি দিবসের বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন তারা। সচেতনতামূলক এ অনুষ্ঠানের আয়োজন করে ঢামেক হাসপাতালের ফিটো-ম্যাটারনাল মেডিসিন ইউনিট।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মানবদেহে নানা ধরনের পুষ্টির ঘাটতি এবং পরিবেশগত দূষণ জন্মগত ত্রুটির অন্যতম কারণ। বিশেষ করে গর্ভকালীন সময়ে মায়ের শরীরে প্রয়োজনীয় উপাদানের অভাব এবং নিঃশ্বাসের সঙ্গে বা খাবারের মাধ্যমে ইনসেক্টিসাইড, পেস্টিসাইড ও নানা ক্ষতিকারক কেমিক্যাল শরীরে প্রবেশের ফলে গর্ভস্থ শিশু বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে জন্মগ্রহণ করছে।

সমন্বিত চিকিৎসার গুরুত্ব

ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ছামিদুর রহমান বলেন, জন্মগত ত্রুটি মোকাবিলায় গাইনি বিশেষজ্ঞদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একটি শিশু গর্ভে আসার পর থেকে জন্ম পর্যন্ত দীর্ঘ সময় মা ও শিশু গাইনি বা ফিটোম্যাটারনাল বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকে। সঠিক রেফারেল সিস্টেমের মাধ্যমে দ্রুত চিকিৎসা শুরু করলে ওই শিশুটি পঙ্গুত্ব বা অস্বাভাবিকতা কাটিয়ে সমাজের একজন দক্ষ ও স্বাভাবিক নাগরিক হিসেবে বড় হওয়ার সুযোগ পায়।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, সঠিক সময়ে সঠিক রেফারেল এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে জন্মগত ত্রুটিযুক্ত শিশুদের ৮০ ভাগই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এতে যেমন একটি শিশুর ভবিষ্যৎ রক্ষা পায়, তেমনি সমাজ ও রাষ্ট্র মুক্তি পায় এক বিশাল বোঝা থেকে।

চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গি

একজন শিশু জন্মগত ত্রুটি নিয়ে বড় হওয়া মানে পরিবার ও রাষ্ট্রের ওপর একটি দীর্ঘমেয়াদি চাপ। এ বিষয়ে শিশু সার্জনরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছেন।

ডা. ছামিদুর রহমান বলেন, ‘প্রতিটি অসুস্থ শিশুকে যদি আমরা নিজের ভাই, বোন বা সন্তান হিসেবে বিবেচনা করি, তবে তাদের চিকিৎসায় অধিক দরদ ও মনোযোগ দেওয়া সম্ভব।’

জন্মগত ত্রুটিগুলোকে সারিয়ে শিশুকে স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি অবস্থায় ফিরিয়ে নেওয়া শিশু সার্জনদের মৌলিক দায়িত্ব বলেও জানান তিনি।

c
Caption

প্রধান অতিথির বক্তব্যে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম বলেন, গাইনোকোলজিস্টরা যদি গর্ভাবস্থায় কোনো ত্রুটি শনাক্ত করতে পারেন, তাহলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর শিশুর বাবা-মাকে কাউন্সিলিং করে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে পাঠাতে হবে। কারণ এই সময়ের মধ্যে তাদের অর্থনৈতিক প্রস্তুতির বিষয় থাকে। এই বিষয়গুলো আমাদের বোঝানো দরকার। যথাযথ রেফারাল সিস্টেম অনুসরণের মাধ্যমে এ রকম শিশুদের চিকিৎসার সাফল্য বহুগুণ বেড়ে যায়।

আত্মীয়দের বিয়ের ফলে ক্রুটিযুক্ত সন্তানের চিকিৎসা নেই

তিনি আরও বলেন, ‘কিছু কিছু জন্মগত ত্রুটি প্রতিরোধ করা সম্ভব। তবে সকল জন্মগত ত্রুটি প্রতিরোধযোগ্য নয়। বিশেষ করে আত্মীয়দের মধ্যে বিয়ের ফলে বিরল ক্রুটিযুক্ত সন্তান প্রসব হয়, এসব ক্রুটিযুক্ত শিশুর আসলে চিকিৎসা মেলে না।’

যেসব জন্মগত ত্রুটিযুক্ত শিশুর চিকিৎসা করা সম্ভব হয় না তারা পরিবারের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়ায় বলেও জানান ওজিএসবি সভাপতি।

অনুষ্ঠানে বিশিষ্ট শিশু ইউরোলজি ও সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ শাদরুল আলম বলেন, জন্মগত ত্রুটি রোধে সূচনাতেই রোগ শনাক্ত হওয়া জরুরি। এ ক্ষেত্রে পূর্ণাঙ্গ চিকিৎসা দরকার, যা গাইনি চিকিৎসকরা সর্বাগ্রে এবং এর পর সার্জন, নিওনেটলজিস্ট ও রেডিওলজিস্টরা আছেন।

‘জন্মগত ত্রুটিমুক্ত করে আমরা যদি শিশুগুলোকে ঠিক রাখতে পারি, তাহলেই একটি ভালো জাতি তৈরি করতে পারবো’—মত ডা. শাদরুল আলমের।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢামেকের ফিটো-ম্যাটারনাল মেডিসিন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. উম্মে সালমা।

ঢামেক অধ্যক্ষ ও প্রসূতি বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুসাররাত সুলতানার সভাতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। 

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিটোম্যাটার্নাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তাবাসসুম পারভীন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আফরোজা কুতুবী, মুগদা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শিরিন আক্তার খানম ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ। 

ঢামেকের ফিটো-ম্যাটারনাল মেডিসিন সহকারী অধ্যাপক ডা. আরিফা শারমিন মায়া ও ডা. দীনা লায়লা হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডা. রাশিদা খানম, অধ্যাপক ডা. বেগম মাকসুদা ফারিদা আখতার, অধ্যাপক এসএম শাহিদা, অধ্যাপক ইরিন পারভীন আলম, অধ্যাপক ডা. তাহমিনা হোসেন, অধ্যাপক ডা. আকলিমা আক্তার, অধ্যাপক ডা. ফাওজিয়া আক্তার, অধ্যাপক ডা. প্রফেসর তাজমিরা সুলতানা, অধ্যাপক ডা. মাসুদা সুলতানা। 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ফিটো-ম্যাটারনাল মেডিসিন সহকারী অধ্যাপক ডা. হাফিজা ফারজানা।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর