সড়ক দুর্ঘটনায় আহত পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকরকে দেখতে গিয়ে একথা জানান।
বিজ্ঞাপন
এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, ডা. সংকর দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আহত চিকিৎসকের চিকিৎসার দায়িত্বভার নিচ্ছি। এ পর্যন্ত যে খরচ হয়েছে বা আগামীতে যে খরচ হবে তা আমরা নির্বাহ করব। এমনকি বিদেশ নেওয়ার প্রয়োজন হলে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দুর্ঘটনায় পতিত হন। দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে আমাদের নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
বিজ্ঞাপন
ইউএইচএফপিও ডা. শংকর প্রসাদ অধিকারী গত ১২ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই তার মস্তিষ্কে অপারেশন করা হয়েছে।
বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এসএইচ/এএইচ




