বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

কমপ্লিট শাটডাউনের আল্টিমেটাম ঢামেকের চিকিৎসকদের, জরুরি সেবা চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

শেয়ার করুন:

d
ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষের সময়ের চিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর কমপ্লিট শাটডাউনের আল্টিমেটাম দিয়ে তিন ঘণ্টা পর কাজে ফিরলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ইন্টার্ন চিকিৎসকরা। চালু হয়েছে হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আহত হন উভয়পক্ষের কয়েকজন।


বিজ্ঞাপন


এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের আল্টিমেটাম, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। 

এর আগে সংঘর্ষের জেরে নিরাপত্তাজনিত কারণে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপর রাতে চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে ঢাবি প্রশাসন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের এক শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সেবা নেন। এ সময় তাকে দেওয়া প্রেসক্রিপশনের একটি ওষুধ খুঁজে না পাওয়ায় কয়েকজন শিক্ষার্থী চিকিৎসকদের এসে জানান। 

এরপর বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।


বিজ্ঞাপন


সে সময় ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ওষুধ কেনাকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তবে জরুরি সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। তারা জানান, এ হামলার সুষ্ঠু বিচার এবং কর্মস্থলের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জরুরি সেবা চালু করবেন না। অবশেষে আল্টিমেটাম দিয়ে তারা কাজে ফিরলেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর