স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীসহ দেশের কয়েকটি সিটি করপোরেশন এলাকায় আগামী ১২ এপ্রিল থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এই কার্যক্রম চালু হবে। পরে ৩ মে থেকে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে টিকাদান কর্মসূচি চলমান থাকবে। ইতিমধ্যে ৫ এপ্রিল থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনে লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার শিশু, এর মধ্যে ৭৩ হাজার টিকা পেয়েছে—যা প্রায় ৯৬ শতাংশ সাফল্য।
টিকা সংগ্রহ বিষয়ে তিনি বলেন, ইউনিসেফ ও গ্যাভির মাধ্যমে টিকা আনা হচ্ছে, অন্য কোনো উৎস থেকে কেনা হয়নি।
আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
চিকিৎসাসেবা জোরদারের বিষয়ে তিনি জানান, প্রয়োজন অনুযায়ী চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান বাড়ানো হবে। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে আইসোলেশন বেড, আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আলোচনা সভায় স্বাস্থ্য খাতে কেনাকাটার দুর্নীতির প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে কেনাকাটার ক্ষেত্রেও দুর্নীতি রয়েছে। উদাহরণ হিসেবে বলি—সিঙ্গেল ডোজ ভ্যাকসিন কেনা হচ্ছে, যেগুলো সংরক্ষণ করা কঠিন। অথচ মাল্টি-ডোজ হওয়া উচিত ছিল। টেন্ডারে এমনভাবে শর্ত দেওয়া হয় যাতে নির্দিষ্ট কোম্পানি সুবিধা পায়। এটা সরাসরি দুর্নীতি।
এআর

