স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, দেশের হঠাৎ করেই হাম ও রুবেলার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর আমরা যথাসময়ে শিশুদের টিকা দিতে পেরেছি।
তিনি বলেছেন, অতীতের সরকার ২০২০ সালের পর থেকে হামের টিকাদান কর্মসূচি ঠিকমতো না করায় হঠাৎ করে দেশে এর সংক্রমণ বেড়ে গেছে। তবে আমরা বসে থাকিনি। আমাদের দেশে প্রথম হামে আক্রান্ত হয়ে রোগী মারা যাওয়ার পর থেকেই নড়েচড়ে বসেছি। দেশে আর কোনো শিশু অনাগত সময়ে যে মারা না যায়, সে জন্য আমরা আজ থেকে সারাদেশে যেখানে সংক্রমণের হার বেশি, সেসব এলাকায় আমরা আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব।
বিজ্ঞাপন
রোববার (৫ মার্চ) সকাল ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
তিনি আরও বলেন, আমাদের সরকারের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে আমরা টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে পেরেছি। উনার বিচক্ষণার কারণে কোনো ঘাটতি না থাকায় আজকে সফলভাবে মোকাবিলা করতে পারছি। তিনি বলেন, ইউনিসেফ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শে আমরা আজকে ১৮ জেলার ৩০ উপজেলায় এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আগামী মে মাসের মধ্যে সারাদেশে হাম-রুবেলার টিকা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছি।
আমি এই এলাকার সাধারণ মানুষদের বলব, শিশু হাম-রুবেলায় আক্রান্ত হলে কোনো বিলম্ব না করে হাসপাতালে নিয়ে আসবেন। আমরা চাই না আর একটি শিশু এ রোগে মারা যাক।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, সহকারী পরিচালক জাহিদ রায়হান। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম প্রমুখ।
প্রতিনিধি/এসএস

