রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী সুমাইয়া সাবরি মাহি। স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করবেন, কঠোর অধ্যাবসায় আর পরিশ্রমের মাধ্যমে সেই পথেই আগাচ্ছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না মাহির। ডায়রিয়ার কাছে হার মানতে হলো তাকে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোর চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই মেডিকেল শিক্ষার্থী।
বিজ্ঞাপন
সুমাইয়া সাবরী মাহি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শের আলী সাবরীর কন্যা। তিনি হলি ক্রস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছিলেন। মাহি সোহরাওয়ার্দী মেডিকেলের ১৭তম ব্যাচের (সেশন ২০২১-২২) শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, কয়েকদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন মাহি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকার এক পর্যায়ে কিডনি বিকল (একেআই) হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
এদিকে মাহির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এক শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, সুমাইয়া সাবরী মাহি ছিলেন একজন সম্ভাবনাময় ও মানবিক মেডিকেল শিক্ষার্থী, যার স্বপ্ন ছিল মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা। তার এই অকাল প্রস্থান জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
বিজ্ঞাপন
তাকে জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া ও শোকাহত পরিবারকে শোক বহন করার তাওফিক চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন ইউজিসি চেয়ারম্যান। একই সঙ্গে এই দুঃসময়ে ইউজিসি পরিবার সবসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
মাহির পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাইতুল ওহাব জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে রায়েরবাজার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এসএইচ/এএইচ

