রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে পরিচালক পদে যোগদানের চেষ্টা করেছেন এক যুবক। তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আটককৃতের নাম ইরফান জাহান নূর (৩৫)। তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়েছেন, তবে তিনি আদৌ কোনো চিকিৎসক কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
জানা গেছে, আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতির অনুমোদনের কথা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন নিয়ে ওই ব্যক্তি পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা করেন। প্রজ্ঞাপনে দাবি করা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ডা. ইরফান জামান নূরকে বিএমইউ, ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক (ডিরেক্টর) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করে। যাচাইয়ে প্রজ্ঞাপনের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ওই ব্যক্তিকে শাহবাগ থানায় সোপর্দ করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতাল জনসংযোগ বিভাগ জানায়, ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও তার পেশাগত সনদ বা সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি।
এসএইচ/এফএ

