হঠাৎই এক উপজেলা হাসপাতালে ভিডিও কল দিয়ে ডাক্তার খুঁজতে থাকলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সেখানে থাকা চারজনের মধ্যে একজনকেও পেলেন না।
চিকিৎসা কেমন চলছে- এমনটা জানতে হাসপাতালটির জরুরি বিভাগ থেকে ইনডোর সব জায়গায় কথা বললেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
পাশাপাশি ঈদের ডিউটিতে থাকা কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান তিনি এবং ছুটিতে চিকিৎসা কার্যক্রমের খোঁজও নিলেন।
সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালে এই দৃশ্য দেখা যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে এই হাসপাতালে খোঁজখবর নেন।
ঈদের ছুটিতে তৃণমূলের চিকিৎসা সেবা কার্যক্রমের খোঁজ নিতে প্রতিমন্ত্রী হাসপাতালের ডাক্তারদের ভিডিও কল দেন। এ সময় তাৎক্ষণিকভাবে হাসপাতালের চিকিৎসা সেবা ভিডিও কলের মাধ্যমে ঘুরে দেখাতে বলেন তিনি। সেইসঙ্গে ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
চিকিৎসকদের মনোবল বাড়াতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে।’ তবে অনুপস্থিত চিকিৎসকের বিষয়ে তিনি খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
বিজ্ঞাপন
ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রী কথা বলেন জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও। তৃণমূলের মানুষ যেন সঠিক সময়ে সেবা পায়, সে বিষয়ে কঠোর নির্দেশনাও দেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী সরকারের আগামীর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।’
এসএইচ/এএইচ

