স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আশ্বাস দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে।
সোমবার ১৬ মার্চ মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আজকের মধ্যে আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত কিছুদিন ধরে হঠাৎ করে মিজলস্ বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসে। বেড সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে এমনকি বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর মধ্যে গতকাল খুব অসুস্থ একটি শিশু মৃত্যুবরণ করায় খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আমাদের সুযোগ সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে তবে চেষ্টার ত্রুটি নেই বা অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ইআরপিপি প্রকল্পের অর্থায়নে গ্লোবাল ফান্ডের সহায়তায় স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে। আমরা একদিনের মধ্যে চিকিৎসক, এনেস্থিটিস্ট ও অন্যান্য জনবল পদায়ন বা সংযুক্ত করে আইসিইউ চালু করব।
বিজ্ঞাপন
এরই পরিপ্রেক্ষিতে আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ও একজন এনেস্থিটিস্টকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। আইসিইউর বেড ও মেশিনারিজ ইত্যাদি সেট করা হয়েছে। এখন রোগীদের জরুরি সেবা দেওয়ার জন্য ৫ বেডের আইসিইউ ইউনিটটি প্রস্তুত আছে।
একইসঙ্গে যেহেতু সংক্রামক ব্যাধি হাসপাতাল মাত্র ১০০ শয্যার এবং সেখানে হামসহ জলাতঙ্ক, এইডস ও টিটেনাস ইত্যাদি রোগীও ভর্তি থাকে, সে বিবেচনায় পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।
এসএইচ/এএইচ

