শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

৫৯৩ চিকিৎসককে সুপারনিউমারিতে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

৫৯৩ চিকিৎসককে সুপারনিউমারিতে পদোন্নতি

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৫৯৩ চিকিৎসককে সহকারী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পার-১ শাখার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে অ্যানাটমি বিভাগের সাতজন, এন্ডোক্রাইনোলজি বিভাগের ৩০ জন, কার্ডিওলজি বিভাগের ১৫৭ জন, ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের ৬ জন, পেডিয়াট্রিক্স বিভাগের ২৭৯ জন, বায়োকেমিস্ট্রির ৩১ জন, মেডিকেল অনকোলজি বিভাগের ছয়জন, রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৬৫ জন, ল্যাবরেটরি মেডিসিনের ১২ জন চিকিৎসক রয়েছেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকগণকে সুপারনিউমারারি পদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) চিকিৎসকগণকে পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি/পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না।’


বিজ্ঞাপন


এসএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর