সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফোন পকেটে রাখার সঠিক নিয়ম জানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫০ এএম

শেয়ার করুন:

পকেটে মোবাইল রাখার সঠিক নিয়ম জানেন? এই ভুলের মাশুল দিতে হতে পারে হাজার হাজার টাকা
পকেটে মোবাইল রাখার সঠিক নিয়ম জানেন? এই ভুলের মাশুল দিতে হতে পারে হাজার হাজার টাকা

বাড়ি থেকে বের হওয়ার সময় তাড়াহুড়ায় মানিব্যাগ, চাবি ও মোবাইল পকেটে রাখা আমাদের দৈনন্দিন অভ্যাসের অংশ। কিন্তু বাসে ওঠার সময়, বাইক চালানোর সময় কিংবা অফিসে যাওয়ার পথে পকেটে ফোন রাখার ক্ষেত্রে আমরা অনেকেই অসচেতন থাকি। অনেক সময় ফোনের সঙ্গে পকেটে চাবি, কয়েন বা রুমাল একসঙ্গে রাখা হয়, যা ফোনের মারাত্মক ক্ষতি করতে পারে। পকেটে ফোন রাখার সঠিক নিয়ম ও কিছু জরুরি সতর্কতা নিচে তুলে ধরা হলো।

পেছনের পকেটে ফোন রাখার ঝুঁকি

অফিসে চেয়ারে বসার সময়, গাড়ি চালানোর সময় বা বাসে যাতায়াতের সময় অনেকেই প্যান্টের পিছনের পকেটে ফোন রেখে বসে পড়েন। আধুনিক স্লিম স্মার্টফোনগুলো বেশ নাজুক হওয়ায় পুরো শরীরের ওজন সরাসরি ফোনের ওপর পড়লে সেটি মাঝখান থেকে বেঁকে (Bend) যেতে পারে। এতে ভেতরের মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হওয়া বা গ্লাস ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি, ভিড়ের মধ্যে পেছনের পকেট থেকে ফোন চুরির আশঙ্কাও সবচেয়ে বেশি থাকে।

শার্টের পকেটের অসাবধানতা

সহজে ফোন বের করার সুবিধার্থে অনেকেই শার্টের সামনের পকেটে ফোন রাখেন। কিন্তু জুতার ফিতে বাঁধার সময়, মাটিতে পড়ে থাকা কোনো জিনিস তুলতে গিয়ে বা হাঁটার সময় শার্টের ঢিলেঢালা পকেট থেকে ফোন ছিটকে মেঝেতে পড়ে স্ক্রিন চুরমার হয়ে যেতে পারে। ফলে এক সেকেন্ডের অসাবধানতায় হাজার হাজার টাকা খরচ হতে পারে।

একই পকেটে চাবি ও রুমাল রাখার বিপদ

যে পকেটে ফোন রাখা হয়, একই পকেটে বাইকের চাবি, খুচরা কয়েন বা মোটা রুমাল রাখা একদমই উচিত নয়। ধারালো চাবির কারণে স্ক্রিন ও ক্যামেরার লেন্সে গভীর আঁচড় পড়তে পারে। এছাড়া মোটা রুমালের কারণে ফোনের প্রসেসরের তাপ বাইরে বের হতে পারে না, ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে ব্যাটারি নষ্ট বা ফুলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

ফোন পকেটে রাখার সঠিক নিয়ম

সামনের পকেট ব্যবহার করুন: স্মার্টফোন রাখার জন্য প্যান্টের সামনের পকেটই সবচেয়ে নিরাপদ। এতে বসা বা ওঠার সময় ফোনের ওপর শরীরের সরাসরি চাপ পড়ে না।

স্ক্রিনের সঠিক দিক: পকেটে ফোন রাখার সময় ডিসপ্লে সবসময় উরু বা শরীরের ভেতরের দিকের এবং ব্যাক প্যানেল বাইরের দিকে রাখা উচিত। এতে ভিড়ের ধাক্কা বা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগলেও স্ক্রিন সুরক্ষিত থাকে।

অন্যান্য জিনিস আলাদা রাখুন: যে পকেটে ফোন রাখবেন, সেখানে চাবি, কয়েন বা রুমাল রাখা থেকে বিরত থাকুন। শার্টের পকেটে ফোন রাখা পুরোপুরি এড়িয়ে চলুন।

ছোট এই অভ্যাসগুলো মেনে চললে আপনার দামি স্মার্টফোনটি বছরের পর বছর সুরক্ষিত ও নতুনের মতো রাখা সম্ভব।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর