রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

মেধাবি মানুষের চেয়ে সৎ মানুষের প্রয়োজন বেশি: চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ০১:২১ পিএম

শেয়ার করুন:

মেধাবি মানুষের চেয়ে সৎ মানুষের প্রয়োজন বেশি: চঞ্চল চৌধুরী

আজ রোববার (৩০ এপ্রিল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হয়েছে। এ দিন পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

চঞ্চল লেখেন, ‘২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের যেসকল সন্তান এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাদের সবার জন্য শুভকামনা। আর যারা অভিভাবক তাদের জন্য দুটি কথা।’


বিজ্ঞাপন


অভিভাবকদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আমরা কেউ-ই মনে হয় এত ভালো স্টুডেন্ট ছিলাম না বা এসব পরীক্ষায় এত ভালো রেজাল্ট করিনি, যাতে সবাই তাদের সন্তানের কাছ থেকে গোল্ডেন জিপিএ আশা করতে পারি। হয়ত অনেক কষ্ট করে ওদের জন্য চেষ্টা করেছেন। আমাদের সকল সন্তানের মেধা সমান নয়। যে যার মেধা আর চর্চা অনুযায়ী ফলাফল করবে। পারলে ওদের মেধার ওপর আস্থা রেখে, মানসিকভাবে সাপোর্ট দিন। কেউ একটি পরীক্ষায় একটু খারাপ করলে, পরের পরীক্ষায় যেন ভালো করতে পারে সেই সহযোগিতা করুন।’

চঞ্চল আরও লেখেন, ‘দয়া করে একটা কথা মনে রাখবেন। শুধু একাডেমিক ভালো রেজাল্টই শেষ কথা নয়, তা দিয়ে পরিপূর্ণ মানুষও হওয়া যায় না। বরং সন্তানের আদর্শিক জায়গাটা ঠিক করে দিন। এটা অভিভাবক হিসেবে সবার প্রধান দায়িত্ব। আমার মনে হয়, দেশে মেধাবি মানুষের চেয়ে সৎ মানুষের প্রয়োজন বেশি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে চঞ্চল চৌধুরী লেখেন, ‘আমাদের সন্তানদের বলছি, সারা বছর যাই করে থাকো না কেন, এই কটা দিন ফাঁকি না দিয়ে মনোযোগী হয়ে পরীক্ষাটা দাও। কারণ সব ভালো তার, শেষ ভালো যার। শুধু বাবা-মায়ের জন্য নয়, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পড়ালেখার প্রয়োজন আছে, শিক্ষিত হওয়ার দরকার আছে। ঠান্ডা মাথায় পরীক্ষাটা শেষ করো, দেখবে ভালো কিছুই তোমাদের জন্য অপেক্ষা করছে। আবারও শুভকামনা।’

লেখার শেষাংশে এসে আবারও অভিভাবকদের উদ্দেশ্যে চঞ্চল চৌধুরী লেখেন, ‘শেষবারের মতো অভিভাবকদের বলছি, পরীক্ষার টেনশনে ওদের মাথা গরম হলেও আপনি আপনার মাথাটা ঠান্ডা রাখুন। গরম মাথায় ভালো কিছু হয় না।’  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর