কয়েকদিন আগে চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে বিভিন্ন মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছিলেন হারুনুর রশীদ কাজল ওরফে জ্যাম্বস কাজল নামে একজন পরিচালক। তখন রিয়াজ ঢাকা মেইলকে জানিয়েছিলেন, তিনি বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন।
কথামতো রিয়াজ সেই পরিচালক জ্যাম্বস কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। গেল ১৬ এপ্রিল এই আইনের ২০১৮-এর ২৫ ও ২৯ ধারায় সাইবার ট্রাইবুনালে ঢাকায় একটি মামলা দায়ের করেন তিনি। যার পিটিশন মামলা নং ১৬৭/২০২৩।
মামলা দায়ের করার পর রিয়াজ বলেন, ‘যিনি আমাকে নোংরা উপাধি দিয়েছেন, আমি মনে করি এগুলোতে আমার সম্মানহানি হয়েছে। শুরুতে বলেছিলাম এসবের বিরুদ্ধে মামলা করব। আমি আমার কথা রেখেছি।’
রিয়াজ আরও বলেন, ‘দেশের সচেতন নাগরিক হিসেবে আইনের আশ্রয় নেওয়া আমার অধিকার। এজন্য আমি সুষ্ঠু বিচারের দাবিতে মামলা করেছি। বিজ্ঞ আদালত আমার মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তভার দিয়েছেন। আইনের প্রতি আমি আস্থাশীল। সত্য-মিথ্যে কোনটি কী আদালত রায় দেবেন।’
রিয়াজ বাদী হয়ে দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, আসামি হারুন অর শরীদ ওরফে জ্যাম্বস কাজল ৩১ মার্চ তার বিরুদ্ধে ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়, হেনস্তা ও হীন উদ্দেশ্যে মিথ্যা মানহানিকর বক্তব্য দিয়ে একটি পোস্ট দেন।
এর আগে পয়লা এপ্রিল এফডিসিতে এক সংবাদ সম্মেলন করে রিয়াজের বিরদ্ধে মিথ্যা তথ্য ও মানহানিকর বক্তব্য প্রদান করেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস কাজল)।
খোঁজ নিয়ে জানা যায়, মামলাটি আদালত গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত সাপেক্ষে ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।




