বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

শাবনূরের যন্ত্রণায় ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না: পূর্ণিমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

শাবনূরের যন্ত্রণায় ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না: পূর্ণিমা

জনপ্রিয় নায়িকা শাবনূরকে সিনেমায় এখন আর দেখা যায় না। তাই বলে জনপ্রিয়তা তার একটুও ফিকে হয়নি। এখনও অনুরাগীদের হৃদয়ের রানি হয়ে আছেন তিনি। একটা সময় পর্দায় রাজত্বটা তার ছিল। সমসাময়িক অনেকেই তার ধারেকাছে ঘেঁষতে পারতেন না।

এই তালিকায় ছিলেন অভিনেত্রী পূর্ণিমা। সে সময় শাবনূরের কারণে বেশ নাকানি-চুবানি খেতে হয়েছে  তাকে। শাবনূরের যন্ত্রণায় ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলেন না বলে জানালেন পূর্ণিমা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এ কথা জানান তিনি।

নিজের ফেসবুক থেকে লাইভে এসে পূর্ণিমা বলেন, ‘একটা সত্যি ঘটনা বলি, শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট। তার যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না! কোনো ছবির ধারে-কাছে যেতে পারছিলাম না। যখনই আমি শুটিং করতাম, তখন নির্মাতা-কোরিওগ্রাফাররা বলতেন, কী এক্সপ্রেশন দাও! শাবনূরের মতো করো। শাবনূরের চোখ কথা বলে, ঠোঁট কথা বলে; অন্যদের শাবনূরের পায়ের সমানও যোগ্যতা নেই। এসব শুনে আমি কোনায় গিয়ে কাঁদতাম।’

এদিকে পূর্ণিমার সঙ্গে ওই লাইভে ছিলেন শাবনূরও। একসময় মনে করা হতো তাদের মাঝে দা-কুমড়া সম্পর্ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।’

সেসময় পূর্ণিমা বলেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারেকাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।’

আনুষ্ঠানিকভাবে সিনেমাকে এখনও বিদায় জানাননি শাবনূর। কিন্তু সিনেমা থেকে অনেক দূরে তিনি। কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস এ নায়িকার। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে পূর্ণিমা বেড়াতে গেছেন দেশটিতে। সেখানেই এক হয়েছিলেন জনপ্রিয় দুই নায়িকা। খুলে বসেছিলেন স্মৃতির ঝাঁপি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর