বলিউডে নায়ক হিসেবে খ্যাত অনেক তারকাকে পর্দায় একাধিকবার দেখা গেছে খল নায়কের বেশে। শাহরুখ খান, আমির খানও রয়েছেন এই দলে। তবে তালিকায় নেই সালমান খান। ক্যারিয়ারের কোনো ছবিতে তাকে খল চরিত্রে পাওয়া যায়নি। এবার নেতিবাচক চরিত্রে সালমানের অভিনয় না করার কারণ জানা গেল।
বলিউডে সবসময় নিজের ইমেজ ধরে রাখতে চেয়েছেন সালমান। এ কারণেই কখনও নেতিবাচক চরিত্রে অভিনয় করেননি তিনি। ফিরিয়ে দিয়েছেন একাধিক লোভনীয় প্রস্তাব। উদাহরণস্বরূপ ‘বাজিগর’ ছবির কথা বলা যেতে পারে। শাহরুখের আগে সিনেমাটির প্রস্তাব গিয়েছিল সালমানের কাছে। ছবির চিত্রনাট্যও তার পছন্দ হয়েছিল। কিন্তু অজয় (শাহরুখ অভিনীত চরিত্র) চরিত্রটি অতিরিক্ত নেতিবাচক বলে মনে হয়েছিল। এ কারণে বিনাবাক্যে ছবিটি ফিরিয়ে দেন তিনি। এরপরই ‘বাজিগরে’ অজয় হিসেবে যুক্ত হন শাহরুখ।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের বাবা সেলিম খান ‘বাজ়িগর’-এর পরিচালকদ্বয় আব্বাস-মাস্তানকে চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনতে বলেছিলেন। অজয় চরিত্রের হিংস্রতাকে কমাতে বলেছিলেন। কিন্তু নির্মাতারা তা মানতে রাজি ছিলেন না। ফলে সালমানকে সরে আসতে হয় ছবি থেকে।
ওই সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, “আমার ‘বাজ়িগর’ ভালো লেগেছিল। কিন্তু খুব বেশি নেগেটিভ মনে হয়েছিল চরিত্রটাকে। মায়ের মতো একটি নরম চরিত্র যোগ করতে বলেছিলাম আব্বাস-মাস্তানকে। তারা হেসে উঠেছিলেন। বলেছিলেন, বিষয়টা একেবারে একঘেয়ে হয়ে যাবে। যাই হোক, আমরা ছবি থেকে সরে আসি। এরপর শাহরুখের কাছে অফার যায়।”
তবে সালমানের পরামর্শ তখন গ্রহণ না করলেও পরে নির্মাতারা ঠিকই মায়ের মতো একটি চরিত্র যোগ করেছিলেন। সালমানকে ওই পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছিলেন তারা। ওই ছবিই শাহরুখের ক্যারিয়ারে যুক্ত হয়েছিল আশীর্বাদ হয়ে। পর্দায় খলনায়ক হিসেবে সাফল্য পাওয়ায় নায়ক হিসেবে তার চলার পথটি হয়েছিল মসৃণ।
আরআর




