শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন পূজা চেরী। এরপর তাকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠানের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।
বর্তমানে জাজ মাল্টিমিডিয়া একটি নাম-সর্বস্ব প্রযোজনা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগের মতো ঢাকঢোল পিটিয়ে সিনেমা বানায় না। সেকারণে বাইরের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে কাজ করছেন পূজা। ঢালিউড অন্দরমহলের খবর, বাইরের প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজের সূত্র ধরে জাজের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়।
বিজ্ঞাপন
তবে অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন পূজা। তাকে ‘নায়িকা’ হিসেবে জন্ম দেওয়া প্রতিষ্ঠান জাজের কাছে ক্ষমাও চেয়েছেন। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে এ নায়িকা লেখেন, ‘আমি পূজা চেরী । আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া , রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ । আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’

কোন ভুলের কারণে এভাবে ক্ষমা চাইলেন—সেটি স্পষ্ট করে কিছু বলা নেই পূজার ফেসবুক পোস্টে। যদিও একাধিক নেতিবাচক কথা সয়লাব মন্তব্যের ঘর।
এদিকে পূজার সময়টা ভালো যাচ্ছে না। অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে কাজ করলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। মাঝে তো শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার খবর রটেছিল। যদিও তিনি পরে তা অস্বীকার করেন।
বিজ্ঞাপন
অনেকের ধারণা, অন্য প্রযোজকের ছবিতে অভিনয় করে সুবিধা করতে না পারেননি পূজা। তাই ফের জাজের ঘরে ফিরতে চাইছেন এ নায়িকা।
/আরএসও

