চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত কমেডি ধারার চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ আগামী ১৮ নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে। ইমরাউল রাফাত পরিচালিত ও এনামুল কবির সুজন প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন- পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে।
চলচ্চিত্রটি প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেছেন, ‘এটি হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। আমার চরিত্রটিও একটু অন্যরকম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে এই প্রথমবার অভিনয় করছি। অন্যরকম একটা ফিলিংস কাজ করছে।’
নির্মাতা ইমরাউল রাফাত বলেন, “আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও এটিই প্রথম চলচ্চিত্র। ‘মেইড ইন চিটাগং’ ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটি সবার ভালো লাগবে।”
রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চলচ্চিত্রটির প্ল্যাটফর্ম প্রোডিউসার আহমদ আরমান সিদ্দিকী বলেন, “আমি নিজেই চট্টগ্রামের ছেলে। চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটা চমৎকার রম্যে নির্মিত এ চলচ্চিত্রটি নিয়ে আমি বেশ উত্তেজিত। আমি বিশ্বাস করি চট্টগ্রাম, নোয়াখালী এবং এসব স্থানে অনেকদিন ধরে বসবাসরত মানুষ এই চলচ্চিত্রটি আগ্রহ নিয়ে দেখবেন এবং শিগগিরই পুরো বাংলাদেশ তো বটেই বিশ্বব্যাপী দর্শকরা ‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্রটি দেখতে পাবেন।”
জানা গেছে চট্রগ্রামে মুক্তি পাবে ‘মেইড ইন চিটাগং’ নামের এই চলচ্চিত্রটি। এছাড়া মুক্তির মাসখানেক পর একটি ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হবে এই ছবি।
আরআর




