রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুর্ঘটনার পর অভিনয়ে ফিরলেন মেঘলা মুক্তা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

দুর্ঘটনার পর অভিনয়ে ফিরলেন মেঘলা মুক্তা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অভিনয়ে ফেরা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। দুর্ঘটনার মানসিক ধাক্কা কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। সম্প্রতি নির্মাতা ভিকি জাহেদের ‘চক্র’ ওয়েব সিরিজের তৃতীয় সিজনে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন এই অভিনেত্রী।

গত জুলাইয়ে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মেঘলা। দুর্ঘটনার পর শারীরিকভাবে কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে। এমনকি অভিনয়ে ফিরতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অসুস্থ হওয়ার আগে ‘চক্র’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছিলেন তিনি। এবার সেই সিরিজের তৃতীয় সিজন দিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী।

তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুরুতে তৃতীয় সিজনে অভিনয় করতে চাননি মেঘলা। নিজেই নির্মাতাকে তাঁকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু নির্মাতা ভিকি জাহেদ তাঁকে বাদ দিতে রাজি হননি। 

নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেঘলা মুক্তা বলেন, “চক্র’ দিয়ে শুরু, ‘চক্র’ দিয়েই কামব্যাক। আর চক্রের মধ্য দিয়েই ২০২৬ শেষ করতে যাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার পরিচালক ভিকি জাহেদ ভাইয়াকে। একটা সময় নিজেই বলেছিলাম, ‘চক্র’ সিজন থ্রি থেকে আমাকে বাদ দিতে। কিন্তু তিনি চাননি। এই ভালোবাসা, বিশ্বাস আর ভরসার জন্য আমি তাঁর প্রতি সত্যিই কৃতজ্ঞ।”

দুর্ঘটনার পরের কঠিন সময়ের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘কখনও ভাবিনি এত তাড়াতাড়ি কাজে ফিরতে পারব। যাঁরা আমাকে হাসপাতালে দেখতে এসেছিলেন, তাঁদের অনেকেই আমার অবস্থা দেখে শঙ্কা প্রকাশ করেছেন, কেউ কেউ সাহস দিয়েছেন। কেউ ভেবেছেন আমার ক্যারিয়ার এখানেই শেষ, আর কখনোই আগের মতো অভিনয় করতে পারব না। এমনকি আমার পরিবারের সদস্যরাও শঙ্কায় ছিল, আমি আবার আগের সেই মেঘলা হয়ে উঠতে পারব কি না।’

নিজের ঘুরে দাঁড়ানোর গল্প জানিয়ে মেঘলা আরও বলেন, ‘দুর্ঘটনার পর একটা সময় আমিও বুঝতে পারছিলাম না কীভাবে কী করব, কীভাবে সামনে এগোব। কিন্তু ধীরে ধীরে যখন নিজের শক্তি, সামর্থ্য আর আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলাম, তখন নিজেকেই বলেছি—না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। আমাকে কামব্যাক করতে হবে।’

চলতি বছরটি নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটি বছর বলে মনে করেন মেঘলা। তাঁর ভাষায়, এই বছর তাঁকে অনেক কিছু শিখিয়েছে। নিজেকে নতুন করে চিনতে সাহায্য করেছে। জীবনের কঠিন অভিজ্ঞতা তাঁকে আগের চেয়ে অনেক বেশি শক্ত করেছে বলেও জানান তিনি। বলে রাখা ভালো, অভিনয়ে ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি মেঘলা মুক্তা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর