বিচ্ছেদের পর একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে মালাইকা অরোরার। এবার অর্জুন কাপুরের নামের সঙ্গেও সিঙ্গেল শব্দটির যেন ছাড়াছাড়ি হতে চলেছে। গুঞ্জন উঠেছে মালাইকার সঙ্গে আলাদা হওয়ার ধকল কাটিয়ে তিনিও মজেছেন এক ক্রীড়া সঞ্চালকের প্রেমে। সামাজিক মাধ্যমে ছবিও ভাগ করেছেন তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সাহিবা বালীর সঙ্গে নাম জড়িয়েছে অর্জুনের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তার সঙ্গে ছবিও প্রকাশ করেন অভিনেতা। যা উসকে দেয় গুঞ্জন। সাহিবা বহু গুণে গুণান্বিত। একাধারে অভিনেত্রী, বিপণন বিশেষজ্ঞ, ক্রীড়া সঞ্চালক হিসেবে সোশ্যাল মিডিয়ায় আলাদা পরিচিতি রয়েছে তার।

শুরুতে একটি খাবার ডেলিভারি অ্যাপের ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করতেন সাহিবা। সোশ্যাল মিডিয়ায় তখন থেকেই পরিচিতি বাড়তে থাকে তার। পরে আত্মপ্রকাশ করেন ক্রীড়া সঞ্চালক হিসেবে। আইপিএলে প্রীতি জিনতার ক্রিকেট দল পঞ্জাব কিংসের মার্কেটিং ও ডিজিটাল কনটেন্ট কিউরেটর হিসেবেও পান নিয়োগ। পরে আরও বিভিন্ন শো উপস্থাপনা করতে দেখা যায় তাকে।
২০১৭ সালে বলিউডে অভিষেক হয় সাহিবার। ‘ডিয়ার মায়া’ ছবির মাধ্যমে এই পথচলা শুরু। প্রথম ছবিতেই স্ক্রিন শেয়ার করেন মনীষা কৈরালার মতো অভিনেত্রীর সঙ্গে। পরে আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। ইমরান হাশমির নেটফ্লিক্সের সিনেমায়ও দেখা গেছে তাকে। অভিনয় করেছেন সোনি লিভের ‘তনাব’ সিরিজেও।

এদিকে অর্জুনের সঙ্গে যখন সম্পর্কের গুঞ্জন চাউর তখন যেন মৌন ব্রত পালন করছেন ৩১ বছরের এ তারকা। অন্যদিকে অর্জুনও চুপচাপ। যদিও সেসবের ধার ধারছেন না নেটিজেনরা। তারা নিজেদের মতো করে দাঁড় করাচ্ছেন দুজনের সম্পর্কের সমীকরণ।
আরআর




