সমসাময়িকরা যখন স্বামী সন্তান নিয়ে সংসারী মিমি চক্রবর্তীর নামের পাশে তখনও সিঙ্গেল শব্দটি জ্বলজ্বল করছিল। অবশেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইবুড়ো নাম ঘুচল অভিনেত্রীর। প্রিয় তারকার যৌথ জীবনের খবর পেয়ে অনুরাগীরাও বেশ খুশি। চলুন এই ফাঁকে জেনে নেওয়া যাক মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থের সঙ্গে টলি সুন্দরীর পথ এক হওয়ার গল্প।
পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিজীবন মেলান না মিমি। নিজস্ব জগত বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন। ফলে আড়ালে আবডালেই সিদ্ধার্থের সঙ্গে আলাপ ও ঘনিষ্ঠতা। পাত্রের এক বোন মিমির বন্ধু। নায়িকার ঘনিষ্ঠজনদের দাবি সম্পর্কের সূত্রধর হিসেবে কাজ করেছেন তিনিই। তার মাধ্যমেই নায়িকার সঙ্গে আলাপ পরিচয় ভাইয়ের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে বন্ধুত্ব থাকলেও আস্তে আস্তে নিজেদের মধ্যে মিল খুঁজে পান মিমি-সিদ্ধার্থ। দুজনেরই রয়েছে প্রাণীর প্রতি প্রেম। জীবনের বিভিন্ন দর্শনেও তারা এক। তাই আর এক পথে হাঁটতে আপত্তি করেননি। মেরিন ইঞ্জিনিয়ার ও নায়িকা একে অন্যের মাঝে খুঁজে নিয়েছেন আশ্রয়।
আনুষ্ঠানিক বিয়েতে মিমি কনে সেজেছিলেন অফ-হোয়াইট রঙয়ের পোশাকে। সিদ্ধার্থ গায়ে চাপিয়েছিলেন সোনালি এমব্রয়ডারি করা শেরওয়ানি। পাশাপাশি দুজনকে মানিয়েছিল বেশ। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেসব মুহূর্ত। যা মন ভালো করে দিচ্ছে নায়িকার শুভানুধ্যায়ীদের।

ঘরোয়াভাবে আইনি কাজ সারলেও বিয়ের অনুষ্ঠান এড়িয়ে যাচ্ছেন না মিমি-সিদ্ধার্থ। আগামী ৫ ডিসেম্বর পাহাড়ে আয়োজন করবেন তারা। কালিম্পংয়ে বসবে সে আসর। পরে ১১ ডিসেম্বর কলকাতায় হবে রিসেপশন।
আরআর




