শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

উত্তরায় চিরনিদ্রায় শায়িত মাতিয়া বানু শুকু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

উত্তরায় চিরনিদ্রায় শায়িত মাতিয়া বানু শুকু

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার, নির্মাতা ও প্রযোজক মাতিয়া বানু শুকুর দাফন সম্পন্ন। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে বিকেলে ৫টার দিকে তাঁর দাফন করা হয়েছে। 

এর আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হয় তাঁর মরদেহ। সেখানে সকাল থেকে তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় করেন সহকর্মী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। প্রিয় মানুষটিকে হারিয়ে অনেকেই স্মৃতিচারণ করেন, আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে বেলা ১১টার দিকে তাঁর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নাট্যকর্মী, চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।  শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মাতিয়া বানু শুকুর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে জুমার নামাজের পর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন মাতিয়া বানু শুকু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। পাশাপাশি কিডনির জটিলতাতেও ভুগছিলেন এই নির্মাতা। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। 

মাতিয়া বানু শুকু ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। 

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ এবং ‘একটা কিনলে আরেকটা ফ্রি’। শুধু নাট্যকার ও নির্মাতা হিসেবেই নয়, চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সাফল্য অর্জন করেছিলেন শুকু। ২০২১ সালে নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

শুকুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়। সহকর্মী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সামাজিক মাধ্যমেও তাঁকে স্মরণ করে আবেগঘন বার্তা দেন অনেকে।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর