দীর্ঘদিন ধরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির প্রেমের গুঞ্জন। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা।
এবার সম্পর্ক নিয়ে গুঞ্জনের আগুনে ঘি ঢাকলেন লারিসা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘বোম্বে টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে খান পরিবারকে নিজের পরিবার দাবি করেন তিনি। তার মন্তব্য প্রকাশ্যে আসার পর সরগরম হয়ে উঠেছেন নেটদুনিয়া।
লারিসা বলেন, ‘খান পরিবার আমার কাছে পরিবারের মতো। জীবনে তাঁরা যা অর্জন করেছেন, তার জন্য তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান রয়েছে। মানুষ হিসেবেও তাঁরা ভীষণ ভালো। তাই খান পরিবারকে নিজের পরিবার বলেই মনে হয়। তাঁদের সমর্থন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু, আর এই বন্ধুত্ব জীবনের দীর্ঘ পথ চলতে সাহায্য করে।’
আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিলেও তাঁর প্রশংসায় পঞ্চমুখ লারিসা। তার ভাষ্য, ‘আরিয়ান খুব ভালো মানুষ। ও বুদ্ধিমান এবং দৃঢ়প্রতিজ্ঞ। অনেকেই বলেন, ওর তো সবকিছুই রয়েছে। তবে ও এসব নিয়ে ভাবে না। ও নিজের পছন্দের বিষয়গুলোর জন্যই লড়াই করছে। নিজের ভবিষ্যৎ এবং যে বিষয়গুলোতে ও বিশ্বাস করে, সেগুলোর জন্য পরিশ্রম করছে। ও নিশ্চয়ই নিজের লক্ষ্যে পৌঁছবে। কারণ ও ভীষণ জেদি ও দৃঢ়প্রতিজ্ঞ।’
শুধু আরিয়ান নন, শাহরুখ খানের প্রতিও নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন লারিসা। বলিউড বাদশাহকে কিংবদন্তি উল্লেখ করে তিনি বলেন, ‘উনি কিং। উনি কিংবদন্তি। চিরকাল এক নম্বরে থাকবেন। ওঁনার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। শুধু খ্যাতি বা সাফল্য নয়, কীভাবে সেই জায়গায় পৌঁছেছেন, সেটাও শেখার মতো।’
আরিয়ানের নির্দেশনায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন লারিসা। তিনি বলেন,‘আরিয়ানের মতো দক্ষ পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেলে যেকোনো শিল্পীই আনন্দিত হবেন।’




